শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭টি ড্রেজার মেশিনসহ ২৫০ মিটার পাইপ ধ্বংস এবং ২০০ সিএফটি বালু জব্দ করা হয়েছে৷

৭ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার মন্ডলিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস এবং বালু জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত ভোগাই নদীর পাড় ভেঙে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় বালু ব্যবসায়ী। পরে খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি৷ ওইসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়৷ পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি ড্রেজার মেশিন ও ২৫০ মিটার পাইপ ধ্বংস এবং ২০০ সিএফটি বালু জব্দ করা হয়৷

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।




