শেরপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও স্বেচ্ছাধীন তহবিলের আওতায় হতদরিদ্রদের মাঝে সুষ্ঠুভাবে বস্ত্র বিতরণের লক্ষ্যে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

১ এপ্রিল শনিবার দুপুরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলের বিভিন্ন পর্যায়ে কৃচ্ছতা সাধনের লক্ষ্যে ইফতার মাহফিল না করে স্ব-স্ব অবস্থান থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য-বস্ত্রসহ সহায়তার হাত বাড়ানোর জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সেইসাথে তিনি ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং তার স্বেচ্ছাধীন তহবিলের আওতায় হতদরিদ্রদের মাঝে সুষ্ঠুভাবে শাড়ি ও লুঙ্গি বিতরণের লক্ষ্যে উপস্থিত সকলের পরামর্শ গ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মজদুল হক মিনু, আলহাজ¦ মো. ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলসহ জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদুল ফিতর উপলক্ষে হুইপ আতিউর রহমান আতিকের উদ্যোগে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং শহরের ৯টি ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।




