শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে দিলীপ চন্দ্র বর্মণ (৩০) নামে এক মোবাইল মিস্ত্রীর মৃত্যু হয়েছে। ২৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কর্ণঝোড়া পশ্চিম বাজারে নিজ ঘরের চালায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ওই ঘটনা ঘটে। দিলীপ দুই ছেলে-মেয়ের জনক ছিল।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দিলীপ নিজ ঘরের চালায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে আশপাশের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে ঘরের চালা থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জে.এম রাসেল হাসান বলেন, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা মৃত অবস্থায় পেয়েছি।

সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান বলেন, দিলীপ নিজেই মোবাইল মেকার ও ইলেক্ট্রিকের কাজ করতো। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি নিজেই একটি হাফ বিল্ডিং ঘর দেয়। শুক্রবার ঘরের চালার ওপর ওঠে বিদ্যুৎ এর সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আকতার হোসেন বলেন, ওই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




