বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশের ইনিংসের পরই শুরু হয় বৃষ্টি। কাট-অফ টাইম ছিল ৯.৩৩। এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। রাত ৮টা ৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ মাঠেই আগামী ২৩ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করেছিল বাংলাদেশ। ওয়ানডেতে এটিই ছিল তাদের সর্বোচ্চ স্কোর। কিন্তু একদিনের ব্যবধানে সে রেকর্ড আজ আবার ভাঙল তারা। সিলেটে আজ আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের সেঞ্চুরি, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৩৪৯ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এটিই এখন ওয়ানডেতে তাদের সর্বোচ্চ স্কোর।
বড় স্কোরের ভিত গড়ে দেন দুই টপ অর্ডার ব্যাটার লিটন ও শান্ত। পাঁচ ও ছয়ে নম্বরে ব্যাটিংয়ে নামা তাওহীদ হৃদয় ও মুশফিক তোলেন ঝড়। মুশফিক ৩৩ বলে নিজের দ্রুততম ফিফটির পর সেঞ্চুরি করেন মাত্র ৬০ বলে। এটিই এখন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি। ১৪টি চার ও ২টি ছয়ে সাজিয়েছেন ইনিংসটি।

৩৪ বলে ৪৯ রান করেছেন হৃদয়। অভিষেক ওয়ানডেতে ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি তাওহীদ হৃদয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের জন্য পেলেন না ফিফটি! আজ ফিফটি করলেই, বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ফিফটির ইনিংস হতো হৃদয়ের। লিটন ও শান্ত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সিলেটে আজ দ্বিতীয় ওয়ানডেতে এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন।




