শেরপুরের ঐতিহাসিক ‘সূর্যদী গণহত্যা’ নিয়ে নাটক ‘সূর্যদীর গল্প’ মঞ্চায়িত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে ও রচনায় একাত্তরের গণহত্যা বিষয়ক ওই নাটকটি ১৮ মার্চ শনিবার রাতে সদর উপজেলার সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চস্থ হয়।

শেরপুরবাসীর কাছে এক ঐতিহাসিক স্মরণীয় দিন একাত্তরের ২৪ মার্চ। ওইদিন ভোরে পাক হানাদার বাহিনী সূর্যদী গ্রামে হামলা চালায়। এলাকার লোকজন কিছু বুঝে ওঠার আগেই হানাদার বাহিনী ছুড়তে থাকে এলোপাতাড়ি গুলি। ওইসময় গ্রামের একটি ধানক্ষেতে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন দূর থেকেই ফাঁকা গুলি করতে থাকেন। গুলির আওয়াজ পেয়ে পাকবাহিনীরা লাইনে দাঁড় করানো লোকদের ফেলে রেখে ছুটে যায় তার সন্ধানে। পরে মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন ও সূর্যদী গ্রামের মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানকে একটি ধানক্ষেতে নির্মমভাবে হত্যা করে পাকসেনারা। সেইসাথে শহীদ হয় গ্রামের মোট ৪৯ জন। সেই ইতিহাস অবলম্বনে জেলা পুলিশের তত্ত্বাবধানে রচিত হয় নাটক ‘সূর্যদীর গল্প’। অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুর নির্দেশনায় নাটকে ফুটে উঠে একটি সত্য ঘটনার উপস্থাপন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আতিউর রহমান আতিক বলেন, আমরা অনেকে ১৯৭১ সালের (২৪ নভেম্বর) সূর্যদী গণহত্যার কথা ভুলে গেছি। এতদিন মানুষ শুধু এই সূর্যদীর গণহত্যা সম্পর্কে শুনেছেন কিন্তু আজ পুলিশ সুপারের গবেষণা ও সার্বিক তত্ত্বাবধায়নে যে নাটকটি আমরা দেখলাম এটি দেখার পর আমরা কিছুক্ষণের জন্য সেই মুক্তিযুদ্ধের সময়ে ফিরে গিয়েছিলাম। তরুন প্রজন্ম এই মঞ্চায়নটা দেখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।

সভাপতির বক্তব্যে শেরপুরে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, আমরা সবাই যদি শহীদদের পরিবারকে সম্মান করি, যুদ্ধাহত পরিবারগুলো অনেক সম্মানিত হয় এবং তাদের অতীতের হারানো ব্যথাগুলো ভুলে যায়। তিনি বলেন, ‘সূর্যদীর গল্প’ নাটকে আফছারের মতো বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কাহিনী আমরা সারাদেশের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এক আফছারের জীবনের বিনিময়ে প্রায় ৪৯ জন গ্রামবাসী বেঁচে গিয়েছিলেন এবং তাদের মধ্যে যারা জীবিত আছেন-তাদেরকে সাথে নিয়ে আমরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও জেলা পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ হাসেম, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার জাহান প্রমুখ।
নাটকটিতে বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা পুলিশের কর্মকর্তা-সদস্য, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী, সাংবাদিকব ও সর্বস্তরের জনসাধারণ উপভোগ করেন।




