শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

পরে একে একে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের জেলা কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৯টায় জেলা বিচার বিভাগের তরফ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন জেলা ও দায়রা জজ
মোহাম্মদ তৌফিক আজিজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরসহ অন্যান্য বিচারকরা।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।




