শেরপুরের ঝিনাইগাতীতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,ফারুক আল মাসুদ। তিনি তার বক্তব্যে বলেন, এ কর্মসূচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতা বাড়বে। উপজেলার শিক্ষকদের প্রতি এই কর্মশালা পরিচালনা করার জন্য আহবান জানান তিনি । এ কর্মসূচি পরিচালনার জন্য সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, উন্নত বিশ্বে নেতৃত্ব দেবে যে প্রজন্ম তাদের গড়ে তুলতে আমাদের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ সহায়ক হিসেবে কাজ করবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনাশক্তি বাড়ে। স্বাধীনচেতা হয়ে উঠে এবং তাদের ন্যায়- অন্যায়, বিবেকবোধ জাগ্রত হয়। তারা মানবিক বোধসম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার মোহাম্মদ মাসুম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিন্টু কুমার।
অনুষ্ঠানে উপজেলার স্কীমভূক্ত মাধ্যমিক পর্যায়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দেশের ৬৪ জেলার ৩শ উপজেলার ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।




