শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ১৩ মার্চ সোমবার শ্রীবরদী ও ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ওইসব ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

ওইসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। সে লক্ষ্যকে সামনে রেখে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে দু’জন করে শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে জ্ঞানদান করবেন। এ জন্য সারাদেশে প্রতিটি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছালেম উদ্দিন ছালেম। ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরনন্নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম বলেন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত দু’জন শিক্ষক প্রতিদিন ল্যাপটপের মাধ্যমে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেবেন। পাশাপাশি তারা ল্যাপটপ কিভাবে ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীদের শেখাবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে। এদিন শ্রীবরদীতে ১২৬ ও ঝিনাইগাতীতে ৮১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ দেওয়া হয়।




