‘সুস্থ দেহ সুস্থ মন, নারীর হাতে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে শেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে স্কুল কলেজের শিক্ষার্থীদের, অভিভাবক ও নারী পুলিশ সদস্যদের নিয়ে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ বুধবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস সেডে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরনিকা আফরিন প্রমা। তিনি নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে নিঃসংকোচে আলোচনা করেন। অনেক নারীরা লজ্জায় তাদের অনেক গোপন সমস্যার কথা বলতে পারেন না। তিনি নারীদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
পরবর্তীতে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব চালু হয় এবং স্কুল কলেজের ছাত্রী, অভিভাবক ও নারী পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা নিঃসংকোচে বলেন এবং ডাক্তার ও বিশেষজ্ঞ মহোদয়গণ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অপরদিকে ‘নারীর সমতা সকলের প্রগতি, নারীর সুস্থতা আনের সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে অস্থায়ী ’নারীর স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র’ স্থাপন করা হয়। সেখানে স্কুল কলেজের ছাত্রী, অভিভাবক ও নারী পুলিশ সদস্যদের রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার মাপাসহ প্রাথমিক কিছু চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করা হয়। পরিশেষে পুনাক সভানেত্রী সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




