জামালপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক তারা মিয়া (৫০) নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে তিন যাত্রী। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের তিতপল্ল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, জামালপুরগামী প্রাইভেটকারের সাথে সরিষাবাড়ীগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই সিএনজির চালকসহ ৪ জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক তারা মিয়াকে মৃত ঘোষণা করে। আহত সিএনজি যাত্রীরা হলেন- জামালপুর শহরের বাইপাস এলাকার রেনু (৪৫), মেলান্দহ উপজেলার কুলামালঞ্চ গ্রামের সোলায়মান (৩৫) ও হুমায়রা (১০)।
আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিএনজি চালক তারা মিয়ার বাড়ি সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামে।




