শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার না করার আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে স্কাইপে যুক্ত থেকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন বলেছে, পুরো নির্বাচন ইভিএমে হবে। এটি অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এই সিদ্ধান্তে নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই- ইভিএমে ভোটের ফল নিয়ন্ত্রণ করা যায়। সেজন্য আমরা এই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন (ইসি) ঢাকা সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। আমরা মনে করি, অত্যন্ত তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এর পেছনে নির্বাচন কমিশনের যে মূল উদ্দেশ্য থাকে, সেটাই আছে বলে আমরা আশঙ্কা করছি। তারা সরকারি দলকে জয়ী করার জন্য তড়িঘড়ি তফসিল দিয়েছে।




