শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ভারত থেকে খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির হামলায় ফারুক (২৫) নামের এক যুবক আহত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী ঝুলগাঁও লেবুরবাগান এলাকা থেকে আশংকাজনক অবস্থায় ফারুককে উদ্ধার করে স্থানীয়রা। ফারুক উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামের আবু সামা আলমের ছেলে। সে হাতি দেখতে সোমবার রাতে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও এলাকায় এসেছিল।
স্থানীয়রা জানায়, ধান পাকা শুরু হওয়ার সাথে সাথেই গত ২ সপ্তাহ যাবত পাহাড়ী এলাকায় দলবেঁধে ভারতীয় হাতির দল অবস্থান করে আসছিল। অনেক কৃষকের পাকা ধান নষ্ট করেছে ভারতীয় বুনো হাতির দল। মঙ্গলবার সকালে ঝুলগাঁও এলাকার স্থানীয় কয়েকজন কৃষক ধান ক্ষেতে ধান কাটতে গেলে পাশের লেবু বাগানে লুঙ্গি পরিহিত অবস্থায় এক যুবককে শুয়ে থাকতে দেখে। পরে তারা ছেলেটিকে উদ্ধার করে।
বন বিভাগের মালাকোচা বিট কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি কেন এ স্থানে এসেছিল তা জানা যায়নি।




