শ্যামলবাংলা ডেস্ক : প্রথম সেশন ভেসে যাওয়ায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই আবারো বৃষ্টির কবলে পড়েছে চট্টগ্রাম টেস্ট। ফলে বন্ধ রয়েছে খেলা। এর আগে চট্টগ্রামে বৃষ্টি থেমে যাওয়ায় বেলা ১টায় খেলা শুরু হয়। ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। তিনটি বল খেলার পরই বৃষ্টি নামে। কাভার দিয়ে ঢেকে দেওয়া হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট।
সোমবার পঞ্চম ও শেষ দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। চতুর্থ দিন শেষে হারের শঙ্কায় রয়েছেন সাকিবরা। ফলে এই বৃষ্টিই হারের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৮ রান। সাকিব ৪০ রান নিয়ে ব্যাট করছেন। সৌম্য খুলেছেন রানের খাতা।
পতেঙ্গা আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার চট্টগ্রামে সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বাতাসের সঙ্গে সাময়িকভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।




