জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ডাকবাংলো চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। এ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন। জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিছুর রহমান, জেলা পরিষদ সদস্য খন্দকার রবিউল করিম মানিক ও ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ প্রমুখ।

ওইসময় স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। মেলায় প্রচলিত ও অপ্রচলিত ১টি ফলের স্টলসহ মোট ৯টি ফলদ বৃক্ষের স্টল স্থাপন করা হয়েছে।




