শ্যামলবাংলা ডেস্ক : চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, উসমান দেম্বেলেরা। এর পরও এরনেস্তো ভালভেরদের শিষ্যদের একের পর এক আক্রমণে রিয়াল বেতিসকে ৫-২ গোলের ব্যবধানে হারাল বার্সেলোনা। ২৫ আগষ্ট রবিবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যু তে অনুষ্ঠিত ওই ম্যাচের শুরু থেকে রিয়াল বেতিসকে চেপে ধরে বার্সেলোনা। অবশ্য ম্যাচের ১৫তম মিনিটে নাবিল ফেকিরের গোলে এগিয়ে যায় বেতিস। কিন্তু পিছিয়ে পড়েনি বার্সা। একের পর এক আক্রমণ করেই যায়। অবশেষে ৪১তম মিনিটে প্রথম গোল করে সমতায় ফেরে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। ওই গোলটি আসে ফরাসি তারকা গ্রিজম্যানের কাছ থেকে।
বিরতির পর ৫০তম মিনিটে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে আবারও গোল করেন গ্রিজম্যান। এতে এগিয়ে যায় বার্সা। ৫৬তম মিনিটে প্লেসিং শটে গোল করে আরও ব্যবধান বাড়ান কার্লেস পেরেস। এর কিছুক্ষণ পর চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার জরদি আলবা। ফলে দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটের মধ্যে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বার্সেলোনা।

বদলি নামার কিছুক্ষণ পরই দলের গোল সংখ্যা ৫-এ নিয়ে যান ভিদাল। তবে ২৫ গজ দূর থেকে বুলেট গতির দারুন এক শটে ব্যবধান কমান লোরেন। শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন গ্রিজম্যানরা।




