জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ হ্রাসকল্পে জেলাব্যাপি একযোগে মশক নিধনের লক্ষ্যে শেরপুরের নকলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৭ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন এবং ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরে স্থানীয় নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বিপিন চন্দ্র বিশ্বাস, বিদায়ী উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ। ওইসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




