মইনুল হোসেন প্লাবন স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় (জাইকা) এর উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও উপজেলা মৎস্য অধিদপ্তরের পৃথক পৃথক ব্যবস্থাপনায় বেকার যুবক-যুবতীদের নিয়ে ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ৫ আগস্ট সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব প্রশিক্ষণের উদ্বোধন করেন।
সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসানের সভাপতিতে ওই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম। পৃথক পৃথক ভেন্যুতে ভিন্ন ভিন্ন বিষয়ে শুরু হওয়া ওই প্রশিক্ষণ কর্মসূচিতে ১৬৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিআরডিবি হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৭০ জন বেকার যুবক-যুবতী অংশ নিচ্ছেন। ২ দিনব্যাপি ওই প্রশিক্ষণ কর্মশালায় ‘মাটির স¦াস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোষ্ট’ (কেচো সার) উৎপাদন কৌশল সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আজিজুর রহমান (শষ্য), অতিরিক্ত উপ-পরিচালক আকতারুজ্জামান (পিপি) ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা।
এদিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে ‘উন্নত পদ্ধতিতে মাছের মিশ্রচাষ’ বিষয়ে ২ দিনব্যাপি ওই প্রশিক্ষণ কর্মশালায় ৭০ জন বেকার যুবক-যুবতী অংশ নিচ্ছেন। এতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক ও ফিল্ড অফিসার শেখ আলামিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মশালায় মাছের চাষ পদ্ধতি, ব্যবস্থাপনা, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের মাঝে ধারনা দেওয়া হয়।
এছাড়া উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে। ৫ দিনব্যাপি ওই প্রশিক্ষণ কর্মশালায় ‘দেশী ভেড়ার উন্নয়ন, সংরক্ষণ ও লালন-পালন’ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সম্যক ধারণা দেওয়া হয়। ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেজাউল হক ভূইয়া ও উপ- সহকারী কর্মকর্তা অনুপম মোদক।




