নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২ আগস্ট শুক্রবার সকালে উপজেলার ডাকাতিয়াকান্দা ও পৌর শহরের কুর্শা বাদাগৈড় এলাকা থেকে ওই ২ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের কিতাব আলীর আড়াই বছর বয়সী মেয়ে কুলসুম পরিবারের সকলের অজান্তে খেলতে গিয়ে বাড়ি পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কুলসুমের ভাসমান মৃতদেহ ডোবার পানি থেকে উদ্ধার করে স্বজনরা।
অন্যদিকে নকলা পৌর শহরের গ্রীন রোড এলাকা থেকে সোহেল রাজবর (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় শংকর রাজবরের ছেলে। নিহত সোহেল এক সন্তানের জনক। পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘরের সামনে থাকা আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হওয়ায় ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




