জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে কোন অপশক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি ২৭ জুলাই শনিবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার বারমাইসা দাখিল মাদরাসা মাঠে উরফা ইউনিয়নের মুক্তিযোদ্ধা, চৌকিদার-দফাদারসহ গরীব ও দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র এবং ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ‘টপ ফোর’ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ি বিতরণকালে ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানবতার নেত্রী। মানবিক গুণ আছে বলেই তিনি রোহিঙ্গাদেরকে এদেশে আশ্রয় দিয়েছেন। দেশে চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমরা দেশকে স্বাধীন করেছি। সুতরাং প্রকৃতির সঙ্গে লড়াই করেই বাংলাদেশ এগিয়ে যাবে। ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মাষ্টারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী প্রতিনিধি জানান, মতিয়া চৌধুরী একইদিন দুপুরে নালিতাবাড়ীতে পৃথক ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেন, আমরা কাজ করি মানুষের জন্য, যাতে করে মানুষের জীবনটা সহজ হয়। উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বাঁধ নির্মাণ এবং শাসন সম্পর্কিত বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, নদীকে শাসন না করে তার মতো করে বইতে দিলে নদী ঠিক থাকে। চর কেটে দিলে পানি ছলছল করে নেমে যায়। পানি হলো সোহাগী। তাকে আদর করে হাত বুলিয়ে বইতে দিলে কোনোরকমে ঠান্ডা। এ উপজেলায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার রূপনারায়নকুড়া ও মরিচপুরান ইউয়িনের ৯ম শ্রেণির টপ ফোর ২৮ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে নিজ তহবিল থেকে শাড়ি, ৪শ দুঃস্থের মাঝে ট্রাউজার, গেঞ্জি ও শার্ট এবং ২০জন গ্রাম পুলিশের মাঝে পাঞ্জাবী উপহার দেন। এছাড়াও নকলা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নে তিনি একইভাবে ঈদ উপহার প্রদান করেন।




