নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে শেরপুরের নকলা উপজেলা চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের চরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে উপজেলার অন্ততঃ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শত শত পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এদিকে ২১ জুলাই রবিবার বিকেলে পানিবন্দি ওইসব এলাকার ৪শ পরিবারের পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল, চিড়া, মুড়িসহ শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিভিন্ন ওষুধ।
ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বিএডিসি হিমাগারের (টিসি) উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিআরডিবি কর্মকর্তা মোশারফ হোসেন, চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




