
মইনুল হোসেন প্লাবন : আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৬ জুলাই মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে সমালোচিত মাশরাফি বিন মর্তুজার অবসর গুঞ্জন থাকলেও তিনিই থাকছেন নেতৃত্বে। এছাড়া ইনজুরির কারণে মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে শঙ্কা থাকলেও তারা দলের সঙ্গে যাচ্ছেন। সাকিব আল হাসান পবিত্র হজ পালনের জন্য এবং ওপেনার লিটন কুমার দাস বিয়ের জন্য ছুটি চেয়েছিলেন যা মঞ্জুর করেছে বিসিবি। তাদের পরিবর্তে দীর্ঘ এক বছর পর ওপেনার এনামুল হক বিজয় এবং প্রায় ৩ বছর পর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফিরেছেন ওয়ানডে দলে। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা ডানহাতি পেসার আবু জায়েদ রাহী ছিটকে গেছেন। এ ৩ জন ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি সব সদস্যই আছেন শ্রীলঙ্কা সফরের দলে।
ওই সফরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজার হিসেবে থাকা খালেদ মাহমুদ সুজন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ থেকে ৩ দিনের জন্য অনুশীলন ক্যাম্প করবে জাতীয় দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ জুলাই শ্রীলঙ্কা রওনা হবেন মাশরাফিরা।
বিশ্বকাপ শেষ হওয়ার পর অন্য দলগুলোর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। মাত্র ৩ ওয়ানডের সিরিজ। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে দিবা-রাত্রির এ তিনটি ওয়ানডে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাইজুল ইসলাম।




