শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে খালের পানিতে ডুবে নুর ইসলাম (৩০) নামে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৩ জুলাই শনিবার সকালে উপজেলার গেরামারা ফকিরেরভিটা খালে সাঁতার কেটে খাল পাড়ি দেবার সময় ওই ঘটনা ঘটে। নুর ইসলাম পার্শ্ববর্তী দক্ষিণ পোড়াগড় গ্রামের ফুল মাহমুদের ছেলে ও এক সন্তানের জনক।
নুর ইসলামের সহকর্মী কুব্বাছ আলী জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নুর ইসলাম বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী গেরামারা এএসএম ব্রিক ফিল্ডে কাজ করতে যাওয়ার সময় গেরামারা ফকিরের ভিটা খাল সাঁতার কেটে পাড়ি দিতে গেলে নুর ইসলাম পানিতে ডুবে যায়। আমি চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। পরে ঘটনাটি আশপাশের লোকজনকে জানালে তারা ঘটনাস্থল থেকে নুর ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। পৌরসভার মহিলা কাউন্সিলর রূপালি বেগম বলেন, নুর ইসলাম দীর্ঘদিন যাবত ওই ইটভাটায় কাজ করে সংসার চালাতো। ঘটনাটি মর্মান্তিক।
ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।




