ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সুরাইয়া বেগম (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৫ জুন শনিবার সকালে উপজেলায় সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সুরাইয়া বেগম স্থানীয় সোরহাব আলীর মেয়ে।
জানা যায়, শনিবার ভোরে সুরাইয়া বেগমের বাবা প্যারালাইসিস রোগী সোরহাব আলীকে নিয়ে তার মা কবিরাজ বাড়িতে চিকিৎসা নিতে যান। সকাল ৯টার দিকে তারা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা খুলে দেখেন তার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, মেয়েটি মানুষিক রোগী হয়ে বাবার বাড়িতেই থাকত।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




