স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সাবেক সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। ৪ জুন মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ওই ঈদ বস্ত্র বিতরণ করেন। ওইসময় তিনি দলীয় নেতা-কর্মীসহ উপস্থিত হতদরিদ্র মানুষের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন। সেইসাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গাজীর খামার ইউনিয়ন থেকে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ শুরু করেন এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। পরে তিনি পর্যায়ক্রমে সদর উপজেলার সকল ইউনিয়নে দুঃস্থ ও গরীব অসহায় মানুষের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের মাঝেও ঈদ বস্ত্র বিতরণ করেন। এছাড়া তিনি শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। এর আগে সকালে তার ঢাকলহাটীস্থ বাসভবনে তৃতীয় লিঙ্গের হিজড়াদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
ঈদ বস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম ছলু, ২নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম মুছা, সাধারণ সম্পাদক তাপস দে ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, ফখরুল হাসান, পাকুড়িয়া ইউপি সদস্য এমদাদুল হক দুলালসহ দলীয় নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়সহ ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন।




