স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরির দায়ে ও মূল্যতালিকা না টানানোসহ মানহীন পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ মে বুধবার বিকেলে শহরের তিনানী বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন এবং অহনা জিন্নাত।
জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় শহরের তিনানিবাজার এলাকায় অনুমোদনবিহীন নোংরা আইক্রিমের ফ্যাক্টরির সন্ধান পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাত। ওইসময় অস্বাস্থ্যকর পরিবেশে কোন নীতিমালা অনুসরণ না করে ক্ষতিকারক রঙ ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা ভঙ্গের দায়ে ওই আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেইসাথে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ক্রয়মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মানহীন, মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫২ ধারা ভঙ্গের কারণে আরও ১ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, জনসেবায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




