শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলায় পাহাড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ২৯ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বালিজুরি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়।
জানা যায়, ২৯ এপ্রিল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেঁজুতি ধর এবং সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসানের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার বালিজুরি, কর্ণঝোড়া ও বাবেলাকোনা এলাকায় পাহাড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ওইসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে ৫টি ড্রেজার মেশিন জব্দ করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়।
এছাড়া মেঘাদল ও কান্দাপাড়া গ্রামে পাহাড়ের টিলা কেটে সরকারি জমিতে ঘর-বাড়ি নির্মাণকারীদের দ্রুত সময়ের মধ্যে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।




