স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অবসরপ্রাপ্ত পাট-বীজ কর্মকর্তা মোঃ আমেজ উদ্দিন (৭২) আর নেই। তিনি ২৬ এপ্রিল শুক্রবার সকালে শহরের দমদমা মহল্লাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। তিনি বার্ধক্যসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা ও ২ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের ফুফা, কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ, পৌর কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল মিয়ার শ্বশুর ছিলেন।
একইদিন বাদ মাগরিব এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, কৃষি ব্যাংকের এজিএম এসএম ফিরোজ, পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম ও সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিমসহ বিপুল মুসল্লী অংশ নেন।
মরহুমের পুত্র আবুল কালাম আজাদ ও আরিফুল হক জানান, জন্মসূত্রে তিনি শ্রীবরদী উপজেলার কারারপাড়া এলাকার বাসিন্দা হলেও বিয়ের পর থেকেই দমদমা মহল্লায় শ্বশুরালয়ে বসবাস করতেন। তিনি প্রায় ১২ বছর আগে অবসর গ্রহণের পর থেকে বাড়িতেই থাকতেন। বেশ কিছুদিন যাবত বার্ধক্যসহ নানা রোগে ভুগছিলেন।




