নকলা ও নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ সারাদেশে নারীদের উপর সহিংসতা বৃদ্ধি ও ফেনীর সোনাগাজী উপজেলার নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে মানববন্ধন হয়েছে।
২২এপ্রিল সোমবার সকাল ১১টায় কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নকলা উত্তর বাজার কালিমাতার মন্দিরের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণকান্তি রায়, নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাংগঠনিক সম্পাদক বাবু সুরঞ্জিত কুমার বণিক, সদস্য আশীষ কুমার সাহা, পৌর শাখার সভাপতি বাবু শ্যামল সূত্রধর প্রমুখ। ওইসময় বক্তারা নুসরাত হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত ফাঁসির দাবি জানান। মানববন্ধনে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার সকাল সাড়ে ১১টায় সারা দেশে নারীদের ্উপর সহিংসতা বৃদ্ধি ও নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে নালিতাবাড়ীতে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শুরুতে শ্রীলংকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন চন্দ্র সরকার, সাধারন সম্পাদক যোগেন চন্দ্র রায়, কর্মকার পট্টি পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক তপন কুমার দে, পৌর কমিটির সভাপতি বিবেক সাহা, সাধারন সম্পাদক বিধান সরকার শিবু, বাঘবেড় পূজা কমিটির সভাপতি সুকুমার রায় প্রমুখ।




