শ্যামলবাংলা ডেস্ক : সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের মানুষের জীবনে দিন বদলের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২২ অক্টোবর সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। ২০০৯ থেকে ২০১৮ প্রায় ১০ বছর সরকারে রয়েছি। আমরা নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম, ‘দিন বদলের সনদ’। আজকে বাংলাদেশে মানুষের জীবনে সত্যি পরিবর্তন হয়েছে এবং দিন বদলের যাত্রা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যতা ২১ ভাগে নামিয়ে এনেছি। আগে যা ছিল ৪০ ভাগ। আজকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমরা যারা রাজনীতি করি, শুধু নিজেরে ভাগ্য গড়া নয়, নিজেদের আর্থিক স্বচ্ছলতা নয়, দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম। তৃণমূল পর্যায়ের মানুষ কি পেল, তাদের ভাগ্য কতুটুকু পরিবর্তন হয়েছে সে লক্ষ্য হতে হবে।
নির্বাচিত প্রতিনিধির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিলেন। যে ভোট তারা আপনাদের দিয়েছে তার বিনিময়ে আপনি যতদিন থাকবেন (ক্ষমতায়) তাদেরকে কি দিতে পারলেন তাদেরকে সেই হিসাবটা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সরকারে আসার পর সেই চেষ্টাটাই করেছি। যার ফলে আজকে বাংলাদেশের মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন হয়েছে, দিন বদলের পালা শুরু হয়েছে। আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে।
বরিশাল সিটি মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বরিশাল বিভাগ কতটা অবহেলিত ছিল, একবার চিন্তা করে দেখেন। প্রথমবার ক্ষমতায় এসেই সেই শিকাপুর দোয়ারিকা, গাবখানসহ সব বিভিন্ন ব্রিজ ও রাস্তা-ঘাটের উন্নয়ন করি।
তিনি আরও বলেন, বরিশালের যে শস্য ভান্ডার নাম, সেই নামটাই হারিয়ে গিয়েছিল, আমরা সেই হারানো গৌরব ফিরিয়ে নেয়ার চেষ্টা করছি। বরিশাল বিভাগ জুড়ে উন্নয়ন চলছে। সূত্র: ইউএনবি।




