
শ্যামলবাংলা ডেস্ক : ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার এবং অভিনেত্রী তানিয়া হোসাইনের বিয়ে। ২৩ জুন শনিবার বিকেলে তাদের বিয়ের নিবন্ধন প্রক্রিয়া শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাপ্পা ও তানিয়ার বিয়ের গুঞ্জন অবশেষে সত্যি হলো। ভালোবেসে ঘর বাঁধলেন এই ২ তারকা। বিয়ের অনুষ্ঠানে ২ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনয় ও সঙ্গীত জগতের অনেকেই।

এদের মধ্যে ছিলেন- নাট্যজন আতাউর রহমান, অভিনেত্রী নাবিলা, সঙ্গীতশিল্পী কনা, কোনাল, এলিটা, সানবীম, উপস্থাপিকা সামিয়া আফরিন, চৈতী, গীতিকার শাহান কবন্ধ, নির্মাতা আশফাক নিপুন প্রমুখ।
এর আগে গত ১৬ মে রাতে ঘরোয়াভাবে বাপ্পা মজুমদার ও তানিয়ার আংটিবদল হয়। পরে ২০ মে তানিয়া হোসাইন তার ফেসবুক পেজে আংটিবদল অনুষ্ঠানের একটি ছবি ফেসবুবে পোস্ট করলে, ২ তারকার বিয়ের গুঞ্জন ওঠে।
ওইদিকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বাপ্পা ও তানিয়া বলেন,আমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব সবার কাছে দোয়া চাই। সবাই এত দিন যেভাবে আমাদের ভালোবাসা আর দোয়া দিয়েছেন, আগামী দিনগুলোতেও তা অব্যাহত রাখবেন।
উল্লেখ্য,বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের দ্বিতীয় বিয়ে এটি। এর আগে ২০০৮ সালের ২১ মার্চ বাপ্পা মজুমদার ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীকে। নিজেদের মতের অমিল হওয়ার কারণে ৯ বছর পর সংসার জীবনের ইতি টানেন তারা।
অন্যদিকে, ২০১০ সালের ৩০ মার্চ তানিয়া হোসাইন বিয়ে করেছিলেন চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে।




