নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ৮ জুন শুক্রবার সকালে উপজেলার কাপাশিয়া এলাকায় ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক নালিতাবাড়ী পৌর শহরের মৃত আহসান কারিগরের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের কাপাশিয়া এলাকায় জামে মসজিদ সংলগ্ন স্থানে মাদকাসক্ত ওই যুবক চিল্লাচিল্লি করছিল। ভোরে ফজরের নামায পড়তে গেলে স্থানীয় মুসল্লীরা ওই যুবককে পাশের ধানক্ষেতে পড়ে কাতরাতে দেখেন এবং তারা ধানক্ষেত থেকে উদ্ধার করে রাস্তার পাশে রেখে চলে যান। পরে সকালে রাস্তার পাশেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবক মাদকাসক্ত ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন ওই মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় প্রাথমিক পর্যায়ে একটি অপমৃত্যুর মামলা রুজুর প্রস্তুতি চলছে।




