স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বলেছেন, ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থ্যতা নিশ্চিত করে আমাদের নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ১৩ জুলাই বুধবার বিকেলে শেরপুরের যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের আওতাধীন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীদের সাথে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ওই কথা বলেন। তিনি বলেন, শিক্ষিত ও হতাশাগ্রস্ত যুবক-যুবতীদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখি ও আত্মস্বাবলম্বী হিসেবেও গড়ে তুলতে হবে। এজন্য সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ডে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটি আত্মমর্যাদাশীল উন্নত জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করছে- ঠিক তখন একটি বিশেষ মহল জঙ্গীবাদকে উসকে দিয়ে দেশের ভাব মর্যাদা ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি এবং সকলের সমন্বিত প্রয়াসে জঙ্গীবাদ রুখে দিতে হবে। ওইসময় তিনি যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের আওতায় বিভিন্ন দাবি-দাওয়া পূরণে আশ্বস্ত করেন।
মন্ত্রী বলেন, সাতক্ষীরার কৃষকের সন্তান অখ্যাত মুস্তাফিজ এখন ক্রিকেট দুনিয়া কাপাচ্ছে। শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এসব প্রতিভাবান ছেলেদের তুলে আনা সম্ভব হয়েছে। তাই আমাদের সরকার বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিনত করতে চায়।
জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ। এছাড়া ওইসময় জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ যুব ও ক্রীড়া অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। ওইসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ফুটবল উপ-পরিষদের সভাপতি মানিক দত্ত, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, আ’লীগ নেতা তাপস সাহা, দেবাশীষ ভট্টাচার্য, বশিরুল ইসলাম শেলু, আলহাজ্ব মোঃ দুলাল উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আমিনুর রহমান মুকুল, জেলা সিবিএ’র সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফারহানা পারভীন মুন্নী, জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় তিনি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।




