নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মইজ উদ্দিন (৫৫) নামে এক কৃষককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় আহত হয়েছেন নারীসহ উভয়পক্ষের ৭ জন। ১১ জুলাই সোমবার সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমেশ্চুড়া গ্রামে ওই হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মইজ উদ্দিন এবং তালেব আলীর মাঝে দেড় একর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ ও মোকদ্দমা চলে আসছিল। গ্রামবাসীরা এ নিয়ে একাধিকবার সালিশী বৈঠক করে কোন প্রকার সুরাহা করতে পারছিলেন না। সম্প্রতি আদালত মইজ উদ্দিনের পক্ষে রায় দিলে সোমবার সকাল নয়টার দিকে ওই বিরোধপুর্ণ জমিতে গরু নিয়ে হালচাষ করতে যান মইজ উদ্দিন। খবর পেয়ে প্রতিপক্ষ একই সময়ে তালেব আলী ট্রাক্টর নিয়ে ওই জমি চাষ করতে যায়। এমতাবস্থায় উভয়পক্ষে বাকবিতন্ডা এবং একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে এবং দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত হন মইজ উদ্দিন। তাকে বাচাঁতে গিয়ে আহত হন মইজ উদ্দিনের স্ত্রী জেলেহা খাতুন (৩৫), ছেলে হাবিবুর রহমান (১৭) ও কিশোরী কন্যা রুবিনা বেগম (১৩)। এরমধ্যে গুরতর আহত তিন জনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে হামলা করতে গিয়ে আহত হন প্রতিপক্ষ তালেব আলী (৪৮), তার বড় ভাই জয়নাল (৬০) ও ছেলে রহুল আমিন (২৮) ও জাকারিয়া (২০)। তাদেরকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার এসআই গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০/৩২ ফুট লম্বা ৩টি রাম দা উদ্ধার করেছে। তিনি আরও জানান, ইতোমধ্যেই ৬ জনকে আটকও করা হয়েছে। এছাড়া নিহত মইজ উদ্দিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।




