মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভূরদী নয়াপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আঙ্গুর মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আঙ্গুর স্থানীয় মোহসিন আলী মুছেনের বড় ছেলে।
জানা যায়, ৯ জুলাই শনিবার বিকেলে আঙ্গুর পাওনা ৫ হাজার টাকা চাইতে গেলে প্রতিপক্ষ টাকা না দেওয়ার জন্য তর্কাতর্কি শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠি দিয়ে আঙ্গুরের মাথায় আঘাত করে। প্রথমে তাকে নকলা হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ জুলাই রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মরদেহ নকলা থানায় নেওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে নকলা থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।




