স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে ৪ জুলাই সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে থানামোড় এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনির সভাপতিত্বে থানামোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সম্রাট। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে জনগণের প্রত্যাখাত শক্তি বিএনপি-জামায়াত জোট চক্রের মদদেই জঙ্গী হামলা ও গুপ্তহত্যার নামে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে। তাদের সেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ। তাই সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখতে ছাত্রলীগের নেতা-কর্মীরা সোচ্চার রয়েছে।
ওইসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, সাবেক সহ-সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ইয়াকুব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুর রহমান শাওন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, শহর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




