স্টাফ রিপোর্টার : ‘টেকসই উন্নয়ন-লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ ও সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। ওইসময় দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন। এতে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বলেন, দেশের জনসংখ্যার বিরাট অংশ এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করছে। ওই বৃহৎ উপার্জনক্ষম জনগোষ্ঠীকে টেকসই উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এজন্য প্রয়োজন জনবান্ধব প্রশাসন, সুশাসন এবং নাগরিক কেন্দ্রিক জনসেবা; বিশেষত: অসহায় নাগরিকের সুরক্ষা। এ ব্যাপারে তিনি স্বচ্ছ, দূর্নীতিমুক্ত ও গতিশীল জেলা প্রশাসনের ওপর গুরুত্বারোপ করেন।




