শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: ঈদকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে খাবার অনুপযোগী নিম্নমানের ময়দা, ক্ষতিকর ক্যামিকেল, রং ও নিম্নমানের তেল এবং মবেল দিয়ে অস্বাস্থ্যকরভাবে সেমাই উৎপাদন বন্ধে ২২ জুন বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শ্রীবরদীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন। ওই সময় খালেদা নাছরিনের ভ্রাম্যমাণ আদালত ভেজাল সেমাই তৈরির অভিযোগে উপজেলার ৩টি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জানা যায়, ভেজাল সেমাই তৈরীর অভিযোগে শ্রীবরদী পৌর শহরের কলেজ রোডস্থ উত্তর শ্রীবরদী এলাকার সোহাগ মিয়ার সেমাই কারখানাকে ১০ হাজার টাকা, জানকিখিলা গ্রামের তোফাজ্জল হোসেনের সেমাই কারখানাকে ১০ হাজার টাকা ও নয়াপাড়া গ্রামের জামাল মিয়ার সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী পরিদর্শক মাসুদুর রহমান ও শ্রীবরদী থানার এস.আই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।




