স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজারমূল্য ও ভেজাল নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে মনিটরিংসহ ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। একইসাথে হিন্দু পুরোহিতদের প্রতি নিরাপত্তা জোরদারকরণ, গুপ্ত হত্যাসহ নাশকতা প্রতিরোধে সতর্কতা বাড়ানো এবং ঈদের কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে শহরের প্রধান প্রধান সড়ক, মোড় ও প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর উপর তাগিদ আরোপ করা হয়।
এদিকে ওই সভায় অনাহুতভাবে প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন উপস্থিত হয়ে প্রেসক্লাবের তরফ থেকে কিছু বলার চেষ্টা করলে তাৎক্ষণিক প্রতিবাদ ও নিন্দা জানান দ্বিতীয় দফায় নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার। সেইসাথে তিনি মনিরুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বাইরে থাকা কতিপয় সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের বিষয়ে সভাপতি ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, চেম্বার অব কমার্স সভাপতি মোঃ মাসুদ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার জিন্নাত আলী, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, শহর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।




