স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও সার্জারি বিভাগের সেই চিকিৎসক শরীফুল ইসলাম শরীফ অবশেষে দীর্ঘ ২৪ দিন পর জামিন পেয়েছেন। ১৩ জুন সোমবার বিকেলে উভয় পক্ষের শুনানী শেষে জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হক তা মঞ্জুর করেন। দায়রা আদালতে ঢাবি চিকিৎসক শরীফের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি এডভোকেট চন্দন কুমার পাল।
বাদীপক্ষের আইনজীবী প্রদীপ দে কৃষ্ণ জানান, ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের একটি চাঞ্চল্যকর মামলার পরও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করছিল। ওই অবস্থায় পুলিশ ২০ মে ডাঃ শরীফকে গ্রেফতার করে। এরপর জামিনের বিষয়ে তৃতীয় দফায় শুনানী শেষে নিম্ন আদালত তা নামঞ্জুর করলে আসামীপক্ষ সংক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে জামিনের আবেদন (ক্রিমিনাল মিছ কেইস) দায়ের করে।
উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর ভুল চিকিৎসায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের এক গৃহবধূর স্তন কেটে ফেলার অভিযোগে ডাঃ শরীফ ও ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক ডাঃ কে.কে কুন্ডুৃর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী।




