
শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার রাজনীতি বন্ধ করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসনকে লক্ষ্য করে ওমর ফারুক চৌধুরী বলেন, সন্ত্রাসের পথ পরিহার করে ৬ দফা আন্দোলনের ইতিহাস পড়ুন। রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যে পথ অবলম্বন করেছেন তা পরিহার করুন। গুপ্ত হত্যা, বিদেশি নাগরিকদের উপর হামলা, পুলিশের স্ত্রী হত্যা, সংখ্যালঘু হত্যা বন্ধ করুন এবং রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসুন।
মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মুজিবুর রহমান চৌধুরী ও আবদুস সাত্তার মাসুদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।





