স্টাফ রিপোর্টার : শেরপুরে শপথ গ্রহণ করেছেন সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা। ৬ জুন সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ১৪ ইউনিয়নের নির্বাচিত ১২৬ জন ইউপি সদস্য ও ৪২ জন সংরক্ষিত নারী সদস্যকে শপথবাক্য পাঠ করান। শপথের পর নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে প্রতিটি ইউনিয়নে সুষম উন্নয়ন নীতির ভিত্তিতে মানুষের অগ্রাধিকার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান, নারী ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, ভাতশালা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, গত ৩১ মার্চ ও ২৩ এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় ধাপে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।




