শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : নির্বাচনোত্তর সহিংসতায় শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে বুরুজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ৫ জুন রবিবার ভোরে তিনি মারা যান। নিহত বুরুজ আলী স্থানীয় বলিদাপাড়া এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, শনিবার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের নির্বাচন শেষে ঘোষিত ফলাফলতে কেন্দ্র করে রাত ১০টার দিকে ৮ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার কালু মিয়া ও পরাজিত মেম্বার প্রার্থী আজিজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সময় আজিজুলের সমর্থকরা লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে বুরুজ আলীকে মারপিট করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে সে মারা যায়।
শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।




