স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলায় পারিবারিক কলহের জেরে পাষন্ড ছেলে হাতে খুন হয়েছেন গর্ভধারিনী মা। ৫ জুন রবিবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত বানেছা বেগম (৫৫) ওই গ্রামের শাহ আলীর স্ত্রী। বিকেলেই ঘাত ছেলে আবু বক্কর (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বেকার আবু বক্করকে বিয়ে করানোর ১ বছর পর তাকে ছেড়ে চলে যায় স্ত্রী। এরপর থেকে সে মায়ের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিল। রবিবার দুপুরে আবু বক্কর মা বানেছার কাছে টাকা চাইলে তিনি তাকে কাজ করে টাকা রোজগার করার পরামর্শ দেন। ওইসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলে আবু বক্কর মাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলে আবু বক্করকে গ্রেফতার করে এবং বানেছা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার লাবনী বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ঘাতক ছেলে মাকে হত্যার কথা স্বীকার করেছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




