স্টাফ রিপোর্টার : শেরপুর পৌরসভার উন্নয়নে ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের জন্য উপকারভোগীদের নিয়ে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন বুধবার বিকেলে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এতে উন্নয়ন মহাপরিকল্পনার প্রাথমিক রূপকল্প সম্পর্কে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টের (ডিডিসি) পরামর্শক প্রকৌশলী ড. মহসিন উদ্দিন আহমেদ। শেরপুর পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ডিডিসি যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় প্রকৌশলী ড. মহসিন উদ্দিন আহমেদ বলেন, ২০ বছর মেয়াদী এ মহাপরিকল্পনায় শেরপুর পৌরবাসীর জীবনযাত্রার মানউন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসন নির্মাণ, বাজার, বাস টার্মিনাল, বিশুদ্ধ পানীয় জল, পয়ো ও পানি নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে পৌরবাসী আগামী ২০৩৬ সালের মধ্যে একটি আধুনিক নগর জীবন যাপনের সুযোগ-সুবিধা পাবেন।
সভায় মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি শেরপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও দূষণমুক্ত সবুজ শহর হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সজল বৈদ্য, পৌর কাউন্সিলর আতিউর রহমান মিতুল, বাদশা মিয়া, আব্দুল মালেক প্রমুখ।




