স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে আব্দুল্লাহ ইবনে ফজল ওরফে রিপন (৪২) নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। ১ জুন বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস আসামী রিপনের অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দন্ডিত রিপন নকলা উপজেলার ইশিবপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
জানা যায়, নকলা উপজেলার নারায়ণখোলা এলাকার আব্দুল হালিম খানের ছেলে আহসান হাবিব খানের কাছ থেকে স্ট্যাম্পে অঙ্গীকারনামামূলে ২০০৮ সনের ১ জুন ২ লাখ টাকা গ্রহণ করে পাশ্ববর্তী ইশিবপুর এলাকার আব্দুল্লাহ ইবনে ফজল ওরফে রিপন। পরবর্তীতে ওই টাকা গ্রহণ ও ফেরতের বিষয়টি সাফ অস্বীকার করায় রিপনের বিরুদ্ধে আহসান হাবিব খান বাদী হয়ে শেরপুরের সিআর আমলী আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। ওই মামলার প্রথম থেকেই আসামী রিপন পলাতক থাকায় তার বিরুদ্ধে পেপার বিজ্ঞপ্তি হয় এবং তার অনুপস্থিতিতেই বাদীসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই দন্ডাদেশ প্রদান করেন। মামলাটি শুরু থেকেই বাদীপক্ষে পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার।




