স্টাফ রিপোর্টার : শেরপুরে মানবকল্যাণে ধর্ম বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার দুপুরে শহরের খরমপুর এলাকায় জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন ও কবি সংঘ’র যৌথ উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় বক্তারা বলেছেন, ধর্ম পরিচয়ের পূর্বে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ; সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সুতরাং মানুষ হিসেবে স্ব-স্ব ধর্ম অনুসরণ ও প্রতিপালনের মধ্য দিয়েও মানবসেবা করার যথেষ্ট সুযোগ রয়েছে। এজন্য একে অপরের ধর্মের প্রতি বিদ্বেষ পরায়ণ না হয়ে সহনশীল ও উদার নৈতিক পরিবেশ সৃষ্টি তথা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন প্রতিষ্ঠা, মানবসেবা ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু-নিরাপদ জাতি ও বিশ্ব গড়া সম্ভব।
শেরপুর কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি এবং অধ্যাপক শিব শংকর কারুয়া ও ড. আবদুল আলীম তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মলয় মোহন বল, মাওলানা মোঃ খলিলুর রহমান, পাষ্টর রাসেল অধিকারী ও সুজিত বনোয়ারী।




