ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কবি নজরুলের শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি’-শেখ হাসিনা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ৫:৫৮ অপরাহ্ণ

111111111

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কর্ম, চিন্তা ও মননে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবিনশ্বর উপস্থিতি বাঙালি জাতির প্রাণশক্তিকে উজ্জীবিত রাখবে। তিনি বলেন, তরুণ সমাজকে শৃঙ্খল ভেঙ্গে সামনে এগিয়ে যেতে এবং অজানাকে জয় করতে তিনি পথ দেখিয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় কবি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া আজ এক বাণীতে একথা বলেন। তিনি “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, নজরুল আমাদের প্রাণের কবি। মানবতা, সাম্য ও দ্রোহের কবি। আধুনিক বাংলা গানের বুলবুল। বাংলা সাহিত্যে তার আবির্ভাব ধূমকেতুর মত। তিনি বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী বিদ্রোহী কবি নজরুল একাধারে ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক ও অনুবাদক। কালজয়ী প্রতিভার অধিকারী এ কবি তার লেখনীর মাধ্যমে আমাদের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। শেখ হাসিনা বলেন, তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক। অত্যাচার, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। তার শিকল ভাঙ্গার গানে জেগে উঠেছিল ঝিমিয়ে পড়া বাঙালি জাতি। তিনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার লেখনী এ উপমহাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল। প্রধানমন্ত্রী বলেন, নজরুলের অগ্নিঝরা কবিতা ও গান আমাদের মহান মুক্তিযুদ্ধে ছিল অনন্ত প্রেরণার উৎস। শৌর্যবীর্য ও স্বাধীনতা-সার্বভৌমত্বের মন্ত্রে উজ্জীবিত কবির গান ‘চল্ চল্ চল্’ বাংলাদেশের রণসংগীত। আজও যখন গণতন্ত্র ও মানবতা বিপন্ন হয়ে পড়ে, আমরা সাহস সঞ্চয় করি বিদ্রোহী কবির ছন্দ থেকে। তিনি বলেন, ময়মনসিংহের ত্রিশালে কবির বাল্যকাল কাটে। তিনি কুমিল্লা ও ঢাকায় থেকেছেন। মানুষের সাথে ঘনিষ্ঠ ও প্রীতিপূর্ণ আত্মিক সম্পর্ক গড়ে তুলেছেন। বাংলাদেশের প্রকৃতি, মানুষ, মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাকে গভীরভাবে আকর্ষণ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন এবং তাকে সপরিবারে বাংলাদেশে এনে নাগরিকত্ব প্রদান করেন। এ মাটিতেই কবি চির নিদ্রায় শায়িত আছেন। প্রধানমন্ত্রী কবির ১১৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads