নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় জাল টাকা তৈরির যন্ত্রপাতিসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে মুক্তাগাছা আর্মডস পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন-২)। ২১ মে শনিবার রাতে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভূরদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উপজেলার আন্দারিয়া গ্রামের কালা মানিক (৫০) ও বানেশ্বর্দী খন্দকারপাড়া গ্রামের আন্তাজ আলীর ছেলে বালাম মিয়া (৪০)। রবিবার বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ তাদের নকলা থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
মুক্তাগাছা এপিবিএন’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাল টাকার ব্যবসায়ী সেজে নগদ ৫০ হাজার টাকার বিনিময়ে দেড় লাখ জাল টাকা নেওয়ার চুক্তি করে এপিবিএন। পরে শনিবার রাতে নকলা উপজেলার মালপারা এলাকার জনৈক রাজ্জাক মিয়ার ছেলে জলিলের বাড়িতে অভিযান চালিয়ে মানিক ও বালামকে গ্রেফতার করা হয়। ওইসময় মূল হোতা জলিল পালিয়ে গেলেও তাদের হেফাজত থেকে জাল টাকা তৈরির রাসায়নিক পদার্থ, প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ দেড় লাখ জাল টাকা বানানোর কাগজ পাওয়া যায়। তিনি জানান, গ্রেফতারকৃতরা একটি বিশাল সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য মোতাবেক বিভিন্ন এলাকায় এপিবিএন’র অভিযান চলছে। ওই ঘটনায় এপিবিএন’র এসআই মোশারফ হোসেন বাদী হয়ে নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বলেন, জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে এপিবিএন আটক করেছে বলে শুনেছি। তবে তাদেরসহ এখনও অভিযোগ পাওয়া যায়নি। পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




