শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও বিশিষ্ট শিক্ষানুরাগী জি.এম. সালেহ উদ্দিন। ১৮ মে বুধবার সকালে শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ওই মতবিনিময় করেন। ইউএনও’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ডাঃ এ.এম. রহিম পারভেজ। ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নাহার, শ্রীবরদী এপিপিআইয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিনসহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জি.এম. সালেহ উদ্দিন বাল্য বিবাহ রোধ, শিক্ষার মান উন্নত করণ এবং অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।




