স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) ৭ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। ঝিনাইগাতীর গজনী বনরাণী ফরেস্ট রিসোর্টে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন আইইউসিএন এর সহকারী বন্যপ্রাণি বিশেষজ্ঞ জোবায়ের হোসনী ফাহাদ, সাইট ম্যানেজার মিজানুর রহমান। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর ও জামালপুরের সহকারী বন সংরক্ষক মো. আব্দুল অদুদ ভূঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. কবির হোসেন, তাওয়াকোচা বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম, গজনী বিট কর্মকর্তা রফিকুল ইসলাম, বন কর্মকর্তা মো. মামুন অর রশীদ, প্রকৃতি ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, শিশু সংগঠক মো. আলমগীর হোসাইন প্রমুখ।
নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ উপজেলার মোট ২৩টি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) ২৩০ জন সদস্য এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।
আইইউসিএন এর সাইট ম্যানেজার মিজানুর রহমান জানান, ইআরটির সদস্যদের রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে হাতি তাড়ানোর কৌশল, ইআরটির পরিচালনা পদ্ধতি, বন ও বন্যপ্রাণি রক্ষায় ইআরটির সদস্যদের ভূমিকা এবং পদ্ধতিসমূহের প্রশিক্ষণ প্রদান করা হয়। তিনি আরো জানান, প্রকল্প শেষে আইইউসিএন এর সহযোগিতা ছাড়াই ইআরটির সদস্যরা তাদের কার্যক্রম নিজেরাই বন বিভাগের সহায়তা নিয়ে কিভাবে পরিচালিত করবে, সরকারী বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের সাথে ইআরটির সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতের কৌশল সম্পর্কে ধারণা এবং বন্যপ্রাণি রক্ষা আইন সম্পর্কে অবহিতকরণ ও সরকার কর্তৃক ক্ষতিপূরণের নিয়মাবলী সর্ম্পকে বিস্তারিত জানানো হয়।
স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রজেক্টের সহায়তায় বাংলাদেশ বন বিভাগ ও আইইউসিএন বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ইআরটির সদস্যদের মধ্যে ড্রেস, সার্চ লাইট, টর্চ লাইট, ছাতাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।




